সাভারের আশুলিয়ায় গুলিতে মফিজুল ইসলাম (২৪) নামের এক তৈরি পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোররাতে আশুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকার কামরুল হাসান শাকিলের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির মালিকের দাবি, রাতে ডাকাত এসেছিল, এই সময় গুলিতে তিনি নিহত হন। তবে পুলিশ বলছে ঘটনাটি ডাকাতি কি না সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত মফিজুল টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাসিন্দা। সে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার কামরুল হাসান শাকিলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় আগামী অ্যাপারেলস নামক তৈরি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।
বাড়ির মালিক কামরুল হাসান শাকিল বলেন, রাত ৩টার দিকে বাড়িতে ডাকাত ঢুকে। চিৎকার শুনে মফিজুল বের হয়। পরে তাকে গুলি করে রেখে যায় ডাকাতরা। পরে নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, ঘটনাটি ডাকাতি কি না সে সম্পর্কে নিশ্চিত হতে পারিনি।