দেশ রূপান্তরের সংবাদ

পুলিশের ৮ লাখ টাকা চাঁদাবাজির তদন্ত শুরু

বাকলিয়া থানা পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে ৮ লাখ টাকা চাঁদাবাজির ঘটনার তদন্ত শুরু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। গত বুধবার ভুক্তভোগী ব্যবসায়ীরা তদন্তংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছে পাঁচজন সাব-ইন্সপেক্টরের চাঁদাবাজির বর্ণনা দিয়েছেন। প্রাথমিক তদন্তে পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন সিএমপির ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা। গত ২১ মার্চ দেশ রূপান্তরের শেষের পাতায় ‘এক মাসে ৮ লাখ টাকা চাঁদা আদায় বাকলিয়া পুলিশের!’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সিএমপিতে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্ট হয়।

বাকলিয়া থানার ওসি আবদুর রহিম জানান, বাকলিয়া থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে এক মাসে ৮ লাখ টাকা চাঁদাবাজি ঘটনা দেশ রূপান্তরে প্রকাশিত হওয়ার পর সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সিরিয়াসলি নিয়েছেন। সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন), উপকমিশনার (দক্ষিণ) এবং অতিরিক্ত উপকমিশনার বিষয়টি তদন্ত করছেন।

নাম প্রকাশ না করে সিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। চাঁদাবাজির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার দিকে এগোচ্ছে সিএমপি।