ভারতকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল মেয়েরা

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ফলে তাদের শিরোপার আশাও জিইয়ে রইল।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার স্বাগতিকরা ১-০ গোলের জয়টি পেয়েছে আত্মঘাতী গোল থেকে।

ভুটানকে ৮-১ গোলে উড়িয়ে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচে রাশিয়ার কাছে ৩-০ ব্যবধানে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল গোলাম রব্বানী ছোটনের দল।

পাঁচ দলের এই আসরে প্রত্যেকে একে অপরের একবার করে মুখোমুখি হবে। এরপর টেবিলের সেরা দল চ্যাম্পিয়নের মর্যাদা পাবে।

বাংলাদেশ ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে। এক ম্যাচ কম খেলা রাশিয়া সমান ৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। রবিবার তারা নেপালের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে। একই দিন ভারত মুখোমুখি হবে ভুটানের।

দুই ম্যাচ করে খেলা ভারত ও নেপালের পয়েন্ট ৩ করে। যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে তারা। ভুটান তিন ম্যাচ খেলে এখনও পয়েন্টের ‍মুখ দেখেনি।

বাংলাদেশ নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে আগামী ২৮ মার্চ মুখোমুখি হবে নেপালের। একই দিন ভারত খেলবে রাশিয়ার বিপক্ষে।