জন্মদিনে নতুন যাত্রায় সাকিব

সাকিব আল হাসানের ৩৬তম জন্মদিন ছিল শুক্রবার (২৪ মার্চ)। আর এই দিনেই যাত্রা শুরু হলো সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশনের।

রাজধানীর একটি হোটেলে শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশনের।

ক্যানসার নিয়ে জনসচেতনতা বাড়িয়ে যত দ্রুত সম্ভব তা শনাক্ত করায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশনটির যাত্রা শুরু হলো।

এই ফাউন্ডেশনের যাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটারদের মধ্যে আরও ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান ও হাবিবুল বাশার এবং সাবেক ক্রিকেটার জাভেদ ওমর, সানোয়ার হোসেন, মুশফিকুর রহমান ও সাজিদ হোসেনের মতো আরও কয়েকজন।

সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশনের মূল উদ্যোক্তা যুক্তরাজ্যপ্রবাসী সাবেক ক্রিকেটার কাফি খান। বিকেএসপির ছাত্র কাফি ২০০২-২০০৩ সালের দিকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন।

বিকেএসপিতে কাফির সহপাঠী ও সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু জাফর সাদেক মাত্র ৩১ বছর বয়সে মারা গেছেন ক্যানসারে। তার ক্যানসার ধরা পড়তে পড়তে অনেক দেরি হয়ে যায়। চিকিৎসার জন্য ঢাকায় ও চেন্নাইয়ে প্রিয় বন্ধুকে নিয়ে দৌড়াদৌড়ি করেছেন। কাছ থেকে দেখেছেন ক্যানসার কীভাবে প্রাণবন্ত একজন যুবককে হতশ্রী বানিয়ে কত তাড়াতাড়ি মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়।

কাফি অভিমানে ক্রিকেট ছেড়ে দিয়ে ইংল্যান্ডপ্রবাসী হয়েছেন অনেক বছর। সেখানে ব্রিটিশ রেলওয়েতে সিগন্যালিং প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। ২০১৬ সালে প্রিয় বন্ধুর মৃত্যুর পর থেকেই ক্যানসার নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য কিছু একটা করার তাগিদ বোধ করছিলেন। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সময় সাকিবের সঙ্গে দেখা করে ক্যানসার নিয়ে কিছু একটা করার ইচ্ছার কথা জানান। সাকিব সঙ্গে সঙ্গেই যেটির সঙ্গে যুক্ত হতে রাজি হয়ে যান।

বিকেএসপির কোচ ও প্রাক্তন শিক্ষার্থীরা মিলেই শুরু করেছেন এই ফাউন্ডেশন। কাফি এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। কাফি-সাকিব ছাড়া ফাউন্ডেশনের অন্য সদস্যরা হলেন বিকেএসপির দুই কোচ নাজমুল আবেদীন ও সারওয়ার ইমরান এবং বিকেএসপির প্রাক্তন শিক্ষার্থী জাতীয় ক্রিকেটার আব্দুর রাজ্জাক, নাঈম ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, নাসিরুল ইসলাম।

ক্যানসার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলও ছিলেন এই উদ্যোগের অংশ।