হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা

খুলনায় জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে আনসার শেখ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে নগরীর খানজাহান আলী থানার শিরোমণি বাজারের লিন্ডা ক্লিনিকের পেছনে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।

নিহত আনসার শেখ পার্শ্ববর্তী দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন হত্যা মামলার আসামি ও লাখোহাটি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি শিরোমণিতে পরিবারসহ ভাড়া থাকতেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল দুপুরে জুমার নামাজ পড়ার জন্য বাসা থেকে শিরোমণি লিন্ডা ক্লিনিকের পেছনের মসজিদে যান আনসার শেখ। নামাজ শেষে দুপুর ২টার দিকে মসজিদ থেকে বাসার পথে রওনা হন। কিছুদুর যেতেই কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ৪/৫ রাউন্ড গুলি ছোড়ে। তিনটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আনসার শেখের। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

জানা গেছে, নিহত আনসার শেখ দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তিনি দিঘলিয়ার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন হত্যা মামলার আসামি। বারাকপুর ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন। চেয়ারম্যান জাকির হোসেন হত্যাকাণ্ডের পর থেকে আনসার শেখ শিরোমণিতে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

খানজাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘নিহত আনসার শেখের শরীরে তিনটি গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

আনসার শেখ হত্যায় জড়িতদের ধরতে তৎপরতা চলছে বলে জানিয়েছেন খুলনার পুলিশ সুপার মাহবুব হাসান।