নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, উন্নত ও স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রাথমিক শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগরই হচ্ছেন প্রাথমিক শিক্ষকরা। তাই প্রাথমিক শিক্ষকদের উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। গতকাল শুক্রবার দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ১৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ এবং সদ্য নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর অমানবিক চিন্তাভাবনা নিয়ে এ দেশ পরিচালনা করা হয়েছে। শিক্ষাব্যবস্থাকে কঠিন করে তোলা হয়েছিল। বাংলাদেশের শিক্ষা নিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ছাড়া আর কেউ ভাবেনি। বঙ্গবন্ধু ১৯৭৩ সালে শিক্ষার ভিত্তি প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করেছিলেন।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দলীয় দৃষ্টিভঙ্গিতে কাজ করি না বলেই দেশে সমন্বিত উন্নয়ন হয়েছে। দেশের উন্নয়ন অগ্রগতির কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার জননী হিসাবে স্বীকৃতি পেয়েছেন।’
তিনি বলেন, ‘দিন বদলের রূপকার প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া দিন বদলের সনদের কারণে সবকিছুই বদলে গেছে। এখন বাংলাদেশের কোনো মানুষ না খেয়ে থাকে না। কোনো মানুষ চিকিৎসার অভাবে মারা যায় না।’ আগামী কিছু দিনের মধ্যে সব কমিউনিটি ক্লিনিকগুলোতে ডায়াবেটিক রোগীদের ফ্রি ইনসুলিন দেওয়া হবে বলেও জানান নৌ প্রতিমন্ত্রী।