মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে বিএনপি আলোচনা সভার আয়োজন করে। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন কমিশনকে (ইসি) দিয়ে বিএনপিকে সংলাপের আমন্ত্রণ আওয়ামী লীগের লেটেস্ট কৌশল।’
গত বৃহস্পতিবার আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে বিএনপিকে চিঠি দেয় ইসি।
মির্জা ফখরুল বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালে সংসদ নির্বাচন সরকার যেভাবে করেছে আবারও একই কায়দায় নির্বাচন করতে নতুন নতুন কৌশল করছে আওয়ামী লীগ। এসব কৌশলের মধ্যে সবচেয়ে লেটেস্ট কৌশল হচ্ছে ইসিকে দিয়ে আমাদের চিঠির মাধ্যমে সংলাপের আমন্ত্রণ জানানো।’
তিনি আরও বলেন, ‘আসল জায়গায় আসুন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। সেটা নিয়ে কাজ করুন, সেটা নিয়ে কথা বলুন, সেটা নিয়ে ঘোষণা দিন। তা না হলে অন্য কোনো কিছুই দেশের মানুষ মেনে নেবে না।’