সাংবিধানিকভাবে সব সমস্যার সমাধান করা হবে : ইনু

দেশটা টিকে থাকলে আমরা সব সমস্যার সমাধান করতে পারব। তার জন্য সাংবিধানিক ধারা রক্ষা, রাজনৈতিক কর্তব্য পালন করার পাশাপাশি অন্য সকল সমস্যা মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

আজ রবিবার ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের যেই চেতনা, সেই চেতনার পথে বাংলাদেশ টিকে আছে, টিকে থাকবে। এই অর্জনকে সামনে নিয়েই অপ্রাপ্তি, বৈষম্য, লুটপাট, দুর্নীতি, দলবাজি দূর করতে হবে। এই সবকিছুই আমরা মোকাবিলা করব সাংবিধানিকভাবে, রাজনৈতিক পথে।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫২ বছর পরেও এখনো অপ্রাপ্তি আছে, অনেক বৈষম্য আছে। আছে সাম্প্রদায়িকতার ছোবল, আছে জঙ্গিবাদের তৎপরতা। তারপরও সকল শত্রুর মুখে ছাই দিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দীপ্ত পদক্ষেপে বাংলাদেশের মানুষ এগিয়ে চলেছে। এটাই সবচেয়ে বড় অর্জন।

এ সময় তার সাথে জাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।