তিউনিসিয়া উপকূলে ফের নৌকাডুবি, নিহত ১৯

তিউনিসিয়া উপকূলে আবারও নৌকা ডুবে কমপক্ষে ১৯ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ মার্চ) ভোরের দিকে এসব মৃত্যুর খবর পাওয়া যায়। নিহতরা সাব-সাহারান আফ্রিকান দেশের নাগরিক। তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইতালির বার্তা সংস্থা আনসা জানিয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে দুই হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসায় পৌঁছেছে। এটি শরণার্থী আগমনের ‘রেকর্ড’ হিসেবে উল্লেখ করেছে তারা।

ফোরাম ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রাইটসের (এফটিডিইএস) কর্মকর্তা রমাদান বিন ওমর বার্তা সংস্থা রয়টার্সকে জানান, স্ফ্যাক্স সৈকত থেকে যাত্রা শুরু করার পর নৌকাটি তিউনিসিয়ার মাহদিয়া উপকূলের কাছে ডুবে যায়। তবে তিউনিসিয়ার কোস্ট গার্ড নৌকা থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

গত চার দিনে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী কমপক্ষে পাঁচটি নৌকা দক্ষিণাঞ্চলীয় শহর স্ফ্যাক্সের কাছে ডুবে গেছে। এতে ৬৭ জন নিখোঁজ এবং ৯ জন মারা গেছে। কোস্ট গার্ড জানায়, তারা গত চার দিনে ইতালির দিকে যাওয়া প্রায় ৮০টি নৌকা থামিয়েছে এবং তিন হাজার জনেরও বেশি লোককে আটক করেছে, যাদের বেশিরভাগই সাব-সাহারান আফ্রিকান দেশ থেকে আসা।

জাতিসংঘের তথ্য অনুসারে, এই বছর ইতালিতে পৌঁছানো কমপক্ষে ১২ হাজার মানুষ তিউনিসিয়া থেকে যাত্রা করেছিল। ২০২২ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১৩০০।