আকরামদের হারাল হাবিবুলের দল

স্বাধীনতা দিবসে বিসিবি আয়োজিত সাবেক ক্রিকেটারদের বিশেষ ম্যাচ উপলক্ষে   সাবেক ক্রিকেটারদের মেলা বসেছিল কাল মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। ১০ ওভারের ম্যাচে আকরাম খানের সবুজ একাদশকে ৫ উইকেটে হারায় হাবিবুল বাশারের লাল একাদশ।

সাবেক তারকারা মাঠে নামেন জার্সির পেছনে বাংলায় লেখা বাংলাদেশের ইতিহাসের উল্লেখযোগ্য নম্বর ৭১, ২৬, ৬৬, ৬৯ নিয়ে। সবুজ একাদশ আগে ব্যাট করে ৩ উইকেট ৮৭ রান তোলে। ২৪ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৫ রান করে অপরাজিত ছিলেন রাজিন সালেহ। মিনহাজুল আবেদিন নান্নু ২১ বলে ২টি করে চার ও ছয়ে ৩১ রান করেন। দলীয় ২২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ার পর নান্নু এবং রাজিন সালেহ ৬৫ রানের জুটি গড়েন। তার আগে ওপেন করতে নামা আতহার আলি খান ৯ বলে ৭ রান করেন। তিনে নেমে মোহাম্মদ রফিক করেন ৩ বলে ৪ রান। জবাব দিতে নেমে মোহাম্মদ রফিকের করা প্রথম বলেই সাজঘরে ফেরেন মেহরাব হোসেন অপি। অপর ওপেনার জভেদ ওমর বেলিম ৬ বলে ৩ রান করে বোল্ড হন খালেদ মাহমুদ সুজনের বলে। এহসানুল হক সেজানের ৯ বলে ১৮ এবং আব্দুর রাজ্জাক ১১ বলে ১৯ রান করেন। পরে হাসানুজ্জামান ঝড়–কে (১৪ বলে ১০*) সঙ্গে নিয়ে দলকে জয় পাইয়ে দেন সাতে নামা সাবেক পেসার তালহা জুবায়ের। ১২ বলে ১৯ রানে অপরাজিত থাকেন তিনি। ম্যাচসেরা হন তালহা জোবায়ের।