বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি, পরিসংখ্যানে এগিয়ে যারা

ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়নদের টি-টোয়েন্টি সিরিজে ‘বাংলাওয়াশ’ করেছে বাংলাদেশ। সেই মিশন জয় করেই শুরু হয় আয়ারল্যান্ড মিশন। একদিনের আন্তর্জাতিক সিরিজ জয় শেষে আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি মিশনে নামছেন সাকিব আল হাসানরা।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের বিপক্ষে পরিসংখ্যানে পিছিয়ে আছে সফরকারীরা। আগের পাঁচ দেখায় বাংলাদেশ জয় পেয়েছে তিনটিতে, আইরিশরা জিতেছে এক ম্যাচে। আর একটি ম্যাচ হয়েছে পরিত্যাক্ত।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমবার বাংলাদেশ মুখোমুখি হয় ২০০৯ সালে। ইংল্যান্ডে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে ৬ উইকেটে জিতে নেয় আইরিশরা। এই সংস্করণে টাইগারদের বিপক্ষে এটাই তাদের একমাত্র জয়।

তারপর শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিন ম্যাচের সিরিজ খেলে দুই দল। সবগুলো ম্যাচই জিতে নেয় টাইগাররা। আইরিশদের বিপক্ষে টাইগাররা শেষবার কুড়ি ওভারের খেলায় মুখোমুখি হয় ২০১৬ বিশ্বকাপে। ধর্মশালায় সেদিন আগে ব্যাট করে ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। তবে তারপরই নামে বৃষ্টি। পাহাড়ের বুকে ভেসে যায় সেই ম্যাচ।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে দুপুর ২ টায়। বাকি দুটি ম্যাচও হবে একই ভেন্যুতে। সিরিজটি জয়ের জন্য মুখিয়ে নন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বরং তিনি ভাবছেন ভালো ক্রিকেট খেলতে। আর আইরিশরা চায় পরিসংখ্যান বদলাতে।

টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছিলেন, ‘কী হবে সেটা নিয়ে ভাবছি না। সেভাবেই খেলতে চাই, যেটা সবচেয়ে ভালো পারব। আমার মনে হয়, এভাবে আক্রমণাত্মক ও স্বাধীনতা নিয়ে খেলতে পারলে, এই দল সবসময়ই ভালো করবে।’

আয়ারল্যান্ড ইতোমধ্যেই বাংলাদেশকে হোয়াইটওয়াশের হুমকি দিয়ে রেখেছে। এনরিখ মালান বলেছেন, ‘এই সিরিজ দারুণ চ্যালেঞ্জের হবে। বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারিয়েছে। কিন্তু একইসঙ্গে আমরাও এটা নিয়ে রোমাঞ্চিত। বিশ্বকাপে এমন ক্রিকেট আমরাও দেখিয়েছি। আশা করি এটা চালিয়ে যেতে পারলে ৩-০ তে জয় এমনিতেই আসবে।’