দুই পায়ে আটবার সেলাই, বেশি জোরে দৌড়াতে পারেন না মাশরাফী বিন মোর্ত্তজা। এখন মাত্র চার-পাঁচ স্টেপ নিয়েই ছুড়তে হয় বল। একসময়ের নড়াইল এক্সপ্রেস এখন ৩৯ বছর বয়সের মিডিয়াম পেসার। অথচ তার বোলিংয়েই মাত্র ৮০ রানে লুটিয়ে পড়ল মোহামেডান। ২২ বছরের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে সপ্তমবারের মতো ইনিংসে ৫ উইকেট নিলেন মাশরাফী। শুধু তাই নয়, দেশের ক্রিকেটে বেশি বয়সে ৫ উইকেট এবং একমাত্র বোলার হিসেবে ৪৫০ উইকেটের মাইলফলকও ছাড়িয়েছেন মাশরাফী। মামুলি লক্ষ্যে নেমে তার দল লিজেন্ডস অব রূপগঞ্জ ১০ উইকেটে জিতে টানা পাঁচ জয় নিশ্চিত করেছে।
মাশরাফী এখন আর জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন না। নিজেকে নিয়ে কোনো লক্ষ্যও নেই। শুধু ক্রিকেট ভালোবাসের বলেই ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএলের মতো আসরে খেলে যাচ্ছেন। বিপিএলে খেলার আগে তাও কিছু অনুশীলন করেন, ফুল রানআপে বল করেন। কিন্তু ডিপিএলে খেলছেন একদম পাড়ার ক্রিকেটের মতো। আগের দিন হয়তো আছেন নড়াইলে, পরদিন মাঠে। মিরপুরের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করেই চলে যাচ্ছেন বিকেএসপি নয়তো ফতুল্লা। তবুও পারফরম্যান্সের ঘাটতি নেই মাশরাফীর। বিপিএলে যেমন ভেলকি দেখিয়েছেন, ডিপিএলেও তাই। কাল কাটার, সেøায়ার, বাউন্সের ভ্যারিয়েশন দিয়ে ৮.৪ ওভারে তিন মেডেনসহ মাত্র ১৭ রান দিয়ে তুলেছেন ৫ উইকেটে। ঘরোয়া ক্রিকেটে শেষ কবে ৫ উইকেট নিয়েছেন তা খুঁজে বের করার বিষয়, তবে রানের দিক থেকে লিস্ট ‘এ’-তে এটি তার সেরা বোলিং হতে বাধ্য। ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আশরাফুলের চেয়ে বেশি বয়সে (৩৭ বছর ২৫৮ দিন) ৫ উইকেট নেওয়ার রেকর্ড। এ ম্যাচের পারফরম্যান্সে লিগে চার ম্যাচে ১১ উইকেটে নিজেকে শীর্ষে নিয়ে গেলেন। ৩২৪ ম্যাচে তার শিকার ৪৫২টি। ম্যাচ শেষে বলেন, ‘ভালো খেললে তো ভালো লাগে। দল জিতলে ভালো লাগে এটাই। এখন তো নিজস্ব কোনো লক্ষ্য নেই। খেলছি, এনজয় করছি এটাই।’
মাশরাফীর সামনে বিন্দুমাত্র প্রতিরোধ গড়তে পারেনি ধুঁকতে থাকা মোহামেডান। ইমরুল কায়েস ১১ ও সৌম্য সরকারের ২৬ বলে ৪১ রানে বাকি সব ব্যাটার এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। জবাবে মাত্র ৮.২ ওভারে ২৯ বলে মুনিম শাহরিয়ার ৩০ ও পারভেজ হোসেন ইমন ২১ বলে ৪৪ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। জিততে রূপগঞ্জের মাত্র ৫০ বল লেগেছে। ঘরোয়া ক্রিকেটে ২০০২ সালে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে সবচেয়ে কম ৩০ বলে ৩৩ রান নিয়ে ম্যাচ শেষ করেছিল সিলেট বিভাগ।
একই দিনে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে প্রথম হারের তিক্ত স্বাদ পেয়েছে প্রাইম ব্যাংক। তামিম-মুশফিকদের নিয়েও আগে ব্যাট করে ২০৪ রান করতে পারে তারা। তামিম ১৫, মুশফিক ৭৪, ইয়াসির আলি ৪৮ রান করেন। জবাবে ভারতীয় রবি তেজার ৯২ বলে ১০১ রানে ৫ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে গাজী। এ ছাড়া টানা জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল। আগে ব্যাট করে ফজলে রাব্বির ৯১ রানে ৯ উইকেটে ১৯৬-এর বেশি করতে পারেনি তারা। শেখ জামালের চার বোলার ২টি করে উইকেট নেওয়ায় এ রানও টপকাতে পারেনি শাইনপুকুর। ১৪১ রানে অলআউট হয়ে ম্যাচ হারে ৫৫ রানে। এ জয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ জামাল। সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থেকে দ্বিতীয় লিজেন্ডস অব রূপগঞ্জ। ম্যাচ হারায় আবাহনীর পরে চারে নেমে গেছে প্রাইম ব্যাংক।