গত আইপিএলে হঠাৎই লখনৌ সুপার জায়ান্টসে ডাক পড়ে তাসকিন আহমেদের। ওই সময় বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সিরিজ চলমান। তাসকিনকে আইপিএলে যাওয়ার অনুমতি দেয়নি বিসিবি। তাসকিন নিজেও চাননি। অথচ ওই সিরিজে দক্ষিণ আফ্রিকার সেরা তারকারা খেলেছিলেন আইপিএলে। মৌসুম ঘুরে আরেকটি আইপিএল দুয়ারে। এবার ডাক পেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাশ। আইপিএল শুরুর সময়টায় আয়ারল্যান্ডের বিপক্ষে হোমে একটি টেস্ট বাংলাদেশের। সাকিব-লিটন-মোস্তাফিজদের এ সিরিজ দুটো মিস করে আইপিএল খেলতে দেওয়ার ব্যাপারে এখনো নেতিবাচক বিসিবি। তবে আইপিএলে বাংলাদেশের প্রথম খেলোয়াড় মাশরাফী বিন মোর্ত্তজা মনে করেন বিসিবির উচিত তিন ক্রিকেটারকে আইপিএলে খেলতে দেওয়া। ‘আইপিএলে খেলার জন্য পৃথিবীর কোনো দেশই তো ক্রিকেটারদের আটকাচ্ছে না। আমাদের শুধু শুধু আবেগপ্রবণ হয়ে লাভ নেই। শুধু ওদের ক্ষেত্রে যখন ভালো জায়গায় সুযোগ পায়, তখনই বারবার আটকানো ঠিক না। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট এখানে আমাদের ম্যানেজ করার সামর্থ্য বাংলাদেশের আছে; বিশেষ করে টেস্ট ম্যাচে। তবুও সাকিব, লিটনের সঙ্গে খোলামেলা আলোচনা করলে অনেক কিছু সহজ হবে।’