ঔষধ প্রশাসনের ডিজি

দেশে মাত্র ৮% মেডিকেল ডিভাইস উৎপাদন হয়

দেশে চাহিদার মাত্র ৬-৮ শতাংশ মেডিকেল সরঞ্জামাাদি উৎপাদন হয় বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ। তিনি বলেছেন, বাংলাদেশে মেডিকেল সরঞ্জামের চার হাজার কোটি টাকার মার্কেট। এই মার্কেটের মাত্র ৬ থেকে ৮ শতাংশ দেশে উৎপাদন হয়। বাকি সম্পূর্ণটাই আমদানিনির্ভর।

গতকাল সোমবার রাজধানীর মহাখালীর অধিদপ্তর কার্যালয়ে মেডিকেল সরঞ্জাম উৎপাদক ও আমদানিকারকদের সঙ্গে এক আলোচনা অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

মেজর জেনারেল মো. ইউসুফ বলেন, ‘ডিভাইস আমদানিনির্ভর হওয়ায় আমাদের অনেক বৈদেশিক মুদ্রা খরচ হয়। আবার প্রয়োজনের সময় পাই না। আমরা যাতে দেশে সক্ষমতা বাড়াতে পারি সেজন্য উদ্যোক্তা, আমদানিকারক ও সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।

ডিভাইস উৎপাদন বাড়াতে সভায় তিনটি সিদ্ধান্ত হয়েছে বলে জানান ঔষধ প্রশাসনের ডিজি। তিনি বলেন, সরকার যাতে কম মূল্যে উৎপাদকদের ভূমি দেয়, সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সরকারের কাছে আমরা আবেদন জানাব যাতে বেজা, বেপজা এসব এলাকায় স্বল্পমূল্যে তাদের ভূমির ব্যবস্থা করে দেওয়া হয়। ঋণের সুদের হারের বিষয়ে এসএমই ও সরকারের যেসব খাত আছে সেখানে নির্দিষ্ট হারের চেয়ে কমিয়ে তাদের ঋণ দেওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।