মহান স্বাধীনতা দিবসে এবিজি বসুন্ধরার পৃষ্ঠপোষকতায় তিন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশ। গত রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বীর মায়েদের হাতে সম্মাননা ক্রেস্টের পাশাপাশি শুভেচ্ছা উপহার হিসেবে ৫০ হাজার টাকার চেক তুলে দেন কালের কণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। একই অনুষ্ঠানে চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাওয়ায় সংবর্ধনা দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা সাবেক ক্রিকেটার রকিবুল হাসানকে।
এ সময় ইমদাদুল হক মিলন বলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের উপস্থিত থাকার কথা ছিল। বিদেশ থেকে ফিরতে না পারায় উপস্থিত হতে পারেননি। তিনি বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে পেরে আনন্দিত।
সংবর্ধনা পাওয়া বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হলেন, মাগুরার লাইলি বেগম, রাজবাড়ীর নুরজাহান বেগম ও কুষ্টিয়ার দুলজান নেছা। সম্মাননা ও শুভেচ্ছা উপহারের জন্য বসুন্ধরা গ্রুপ ও এপেক্স বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
এপেক্স বাংলাদেশের জাতীয় যুব ও নাগরিকত্ব পরিচালক এপে. মো. আনোয়ার হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. মো. আবদুল মতিন সিকদার, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন-বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন-বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির সভাপতি এপে. এম সায়েম টিপু। বিজ্ঞপ্তি