খুব সকাল বেলা শিশুটি (৬) চকলেট আনতে তোতা মিয়ার টং দোকানে যায়। এ সময় তোতা মিয়া শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটি কোনো রকমে পালিয়ে বাড়ি গিয়ে মাকে সব বলে দেয়। শিশুটির মা সকলের পরামর্শে বিষয়টি থানায় জানায়। অভিযোগ পেয়ে মিরসরাই থানা পুলিশ বৃদ্ধ তোতা মিয়া (৭৫) কে গ্রেপ্তার করে।
অভিযুক্ত গোলাম রব্বানী তোতা মিয়ার বাড়ি উপজেলার মায়ানি ইউনিয়নের সৈদালী গ্রামে। সোমবার (২৭ মার্চ) দিবাগত রাতে ওই বৃদ্ধকে মায়ানী ইউনিয়নের সৈদালী গ্রামে থেকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী শিশুর মা জানান, ‘আমাদের বাড়ির পাশে তোতা মিয়ার বাড়ি। তোতা মিয়ার ঘরের সাথেই তার টং দোকান রয়েছে। দোকান থেকে বিভিন্ন সময় আমার মেয়ে চিপস, চকলেট নিয়ে আসতো। সোমবার সকালে আমার ৬ বছরের শিশু কন্যা তোতা মিয়ার দোকানে গেলে জোর করে তাকে ধর্ষণের চেষ্টা করে। আমার মেয়ে কোনো রকমে পালিয়ে এসে আমাকে বিস্তারিত বলে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিদের জানালে তারা থানা পুলিশকে জানানোর পরামর্শ দেন।’
সোমবার দুপুরে শিশু কন্যার মা মিরসরাই থানায় থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করে। এরপর ওই রাতেই বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ।
মিরসরাই থানার ওসি কবির হোসেন বলেন,‘ধর্ষণের চেষ্টার অভিযোগ পেয়ে অভিযুক্ত গোলাম রব্বানী তোতা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক ভাবে সে পুলিশের কাছে ঘটনান সত্যতা স্বীকার করেছে। মঙ্গলবার (২৮ মার্চ) তোতা মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে।’