রহমত, বরকত ও মাগফেরাতের মাস রমজান। পবিত্র এই মাসে নগরবাসীর সম্মানে ইফতার আয়োজন করছেন ঢাকার দুই মেয়র। নগরবাসীর সঙ্গে সিটি করপোরেশনের সৌহার্দ্যবৃদ্ধি এবং মহান আল্লাহ তায়ালার নৈকট্য অর্জনের উদ্দেশ্যে এই আয়োজন। ইফতার অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে দুই সিটিতে থাকছে ম্যাসব্যাপী ব্যস্ততা।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানায়, মেয়রের সম্মানে রমজানের প্রথম দিন থেকে ম্যাসব্যাপী নগর ভবনের সামনে সুবিধা বঞ্চিতদের জন্য ইফতার আয়োজন শুরু হয়েছে। রমজানের প্রথম দিন মেয়র মো. আতিকুল ইসলাম সেখানে সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার করে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। এরপর থেকে প্রতিদিন সন্ধ্যায় সেখানে ৫০০ জন রোজাদারের জন্য ইফতার আয়োজন থাকছে। রিকশা চালক, ভিক্ষুক, পথচারী, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী এবং ইফতারের সময় পথচারীরা ওই ইফতারে নিয়মিত অংশ নিচ্ছেন। তারা সুন্দর ব্যবস্থাপনা ও মানসম্মত ইফতার আয়োজনে খুশি।
গুলশান এলাকার রিকশা চালক মনির হোসেন জানান, ‘দ্বিতীয় রোজা থেকে প্রতিদিন ডিএনসিসি নগর ভবনের সামনে ইফতার করছি। সুন্দর আয়োজন, খাবারের মান ভাল এবং অত্যন্ত শৃঙ্খলিতভাবে ইফতার আয়োজন করা হচ্ছে। এজন্য এখানে তৃপ্তি সহকারে ইফতার করা যায়। সবকিছুর দাম বেশি হওয়ায় নিজের টাকায় ইফতার করা দুষ্কর হয়ে পড়েছে। এজন্য এখানে ইফতার করি।’
জানতে চাইলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন দেশ রূপান্তরকে বলেন, মেয়রের বিশেষ ইচ্ছায় এটা করা হয়েছে। এখানে নিয়মিত প্রায় ৫০০ জন নগরবাসী ইফতার করছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানায়, রাজধানীর সুধীজন, গুণীজন, কাউন্সিলরগণ, ইমাম, মুয়াজ্জিন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজ এবং সাংবাদিকদের সম্মানে ৫টি ইফতার আয়োজন করবে। ২ এপ্রিল প্রথম ইফতার অনুষ্ঠান আয়োজন ইমাম, মুয়াজ্জিন ও আলেমদের, ৫ এপ্রিল দ্বিতীয় ইফতার ডিএসসিসির কর্মকর্তাদের, ৮ এপ্রিল তৃতীয় ইফতার রাজনৈতিক ব্যক্তিবর্গের, ১১ এপ্রিল চতুর্থ ইফতার বিশিষ্ট ব্যক্তি, সুশীল সমাজ ও সাংবাদিকদের এবং ১৪ এপ্রিল পঞ্চম ইফতার সম্মানিত কাউন্সিলরগণ ও তাদের পরিবার বর্গের সম্মানে আয়োজন করা হবে।
সূত্র আরও জানায়, পাঁচটি ইফতার আয়োজন সুষ্ঠুভাবে সম্পাদন করতে ২৬ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করেছে। মেয়র, প্যানেল মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তারা রয়েছেন এই কমিটিতে। এছাড়া প্যান্ডেল, মঞ্চ সাজসজ্জা ও আসন ব্যবস্থাপনা করতে ৮ সদস্যের উপ-কমিটি, ৬ সদস্যের আমন্ত্রণ উপ-কমিটি এবং ৫টি আপ্যায়ন উপকমিটি গঠন করা হয়েছে।
জানতে চাইলে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের দেশ রূপান্তরকে বলেন, সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ প্রতিষ্ঠার লক্ষ্যে ডিএসসিসি ইফতার মাহফিলের আয়োজন করছে। এই কর্মসূচী সুন্দরভাবে সম্পন্ন করতে নিয়মিত কাজের পাশাপাশি প্রস্তুতিমূলক কিছু ব্যস্ততা রয়েছে এখন।