দেলদুয়ারে সাবেক শিক্ষার্থীদের অভিযোগ

স্কুলের পুকুরের মাটি কেটে নিচ্ছেন চেয়ারম্যান

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে পাথরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ সরকার রাস্তা সংস্কারের নামে পুকুর থেকে মাটি কাটা শুরু করেন। এখন রাতে মাটি কেটে বিক্রি করছেন। রাম প্রসাদ সরকার পাথরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা পুকুরের মাটি কেটে বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গত ২৬ মার্চ দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে প্রাক্তন শিক্ষার্থীরা জানিয়েছেন, বৃষ্টি ও বন্যার কারণে বিদ্যালয়ের পুকুরের পাড় ভেঙে পড়েছে। স্কুলের পূর্বপাশের একটি রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০-১২ দিন আগে ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ সরকার স্কুলের পুকুরের মাটি কেটে পুকুরের পাড় বাঁধানো এবং রাস্তা সংস্কার কাজ শুরু করেন।

গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পুকুরটিতে এখন পানি নেই। পশ্চিম দিকে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। চেয়ারম্যানের ১০-১২ জন যুবক মাটি কাটার কাজ তদারকি করছেন।

আশপাশের বাড়ির চারজনের সঙ্গে আলাপ করে জানা যায়, ১০-১২ দিন আগে প্রথমে মাটি কাটা শুরু হয়। দিনে মাটি কেটে পুকুরের পাড় বাঁধাই ও রাস্তা সংস্কার করা হয়। কিন্তু রাতভর মাটি কেটে অন্যত্র বিক্রি করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীনবন্ধু প্রামাণিক জানান, রাস্তা সংস্কার ও পুকুরের পাড় বাঁধানোর জন্য মাটি কাটার অনুমতি দেওয়া হয়েছে। তবে সেখান থেকে মাটি বিক্রি করা হচ্ছে কি না তা তার জানা নেই।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নীল কমল বসাক জানান, রাতভর মাটি কেটে বিক্রি করা হচ্ছে। পাথরাইল ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ সরকার বলেন, স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়েই পুকুরের মাটি কেটে রাস্তা সংস্কার করা হচ্ছে। মাটি বিক্রির যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়।

দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী বলেন, পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে রাতে মাটি কাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। থানার ওসিকে বলা হয়েছে রাতে পুলিশের টহল টিম সেখানে যেন থাকে।