শিক্ষার্থীদের মুখ দৃশ্যমান রাখার নোটিস স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগে পরীক্ষার সময় শিক্ষার্থীর পরিচয় শনাক্তে মুখ, কানসহ মুখম-ল দৃশ্যমান রাখা নিয়ে নোটিসের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছে উচ্চ আদালত। এ-সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৯ ফেব্রুয়ারি তিন শিক্ষার্থীর পক্ষে হাইকোর্টে এ রিট আবেদনটি করেন আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ। আবেদনের পক্ষে তিনি শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার। অ্যাডভোকেট ফয়জুল্লাহ দেশ রূপান্তরকে বলেন, স্থগিতাদেশের পাশাপাশি ছাত্রীদের মুখম-ল দৃশ্যমান রাখতে গত বছরের ১১ ডিসেম্বরের ওই নোটিস কেন অসাংবিধানিক ও আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও বাংলা বিভাগের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলেছে আদালত।

গত বছরের ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত বাংলা বিভাগের অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্ত উল্লেখ করে গত ১১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যানের স্বাক্ষরিত এক নোটিসে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বাংলা বিভাগের প্রতি ব্যাচের সংযোগ ক্লাস (টিউটোরিয়াল/প্রেজেন্টেশন), মিডটার্ম পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় পরীক্ষার্থীকে পরিচয় শনাক্ত করার জন্য কানসহ মুখম-ল দৃশ্যমান রাখতে হবে।