অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত থাকছে। হাইকোর্টের দেওয়া জামিনের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল নিষ্পত্তি করে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতের রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পি। সাহেদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহজাহান।
গত বছর ৩১ অক্টোবর রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) শুনানির জন্য গ্রহণ করে আপিল নিষ্পত্তি পর্যন্ত সাহেদের জামিন স্থগিতের আদেশ দিয়েছিল আপিল বিভাগ। এর আগে ওই বছরের ৭ জুন হাইকোর্ট সাহেদের জামিন মঞ্জুর করে আদেশ দেয়। পরে এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করলে ১২ জুন সাহেদের জামিনের ওপর স্থগিতাদেশ দেয় চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সারওয়ার হোসেন বাপ্পি দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের আপিল নিষ্পত্তি ও গ্রহণ করেছেন আপিল বিভাগ। ফলে তার (সাহেদ) জামিন স্থগিত থাকবে।’ প্রতারণার মাধ্যমে করোনাভাইরাসের ভুয়া সনদ দেওয়ার অভিযোগ নিয়ে ২০২০ সালের ৬ জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালত উত্তরায় রিজেন্ট হাসপাতালের প্রধান শাখায় অভিযান পরিচালনা করে। পরদিন সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়। পরে ১৫ জুলাই সাতক্ষীরার একটি সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।