সাইক্লিস্ট মারুফের পরিবার পেল অনুদান

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে নিহত জাতীয় পর্যায়ে পদকজয়ী সাইক্লিস্ট মোহাম্মদ মাশরাফি হোসেন মারুফের পরিবারের কাছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নগদ ৫ লাখ টাকা হস্তান্তর করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ (কাঞ্চন) এই চেক হস্তান্তর করা হয়।  দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, মারুফ সন্তান শেখ কামাল জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় সাইক্লিষ্টে দ্বিতীয় অবস্থান করেছে। কিন্তু চিরিরবন্দরে একটি দুর্ঘটনায় মারা যায় সে। বিষয়টি আমি তাৎক্ষণিক জেনে দুর্ঘটনার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রী তাৎক্ষণিক তাকে ৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই চেক বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতে মারুফের পরিবারকে আরও সহযোগিতা প্রদান করা হবে। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।