বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছাত্রসহ তিনজনের মৃত্যু

চাঁদপুরে বিদ্যুতের তার গায়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মিনহাজ (১৫) ও মো. শামীম (১৬) নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে হাফেজ খান (৭০) নামে আরেক বৃদ্ধ আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে চাঁদপুর শহরের পুরান বাজার পূর্ব রামদাসদী এলাকায় মাঠে খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এদিকে গত মঙ্গলবার রাত ২টার দিকে নেত্রকোনার কেন্দুয়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাইনুদ্দিন (৫০) নামে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে।

চাঁদপুরে নিহত মিনহাজ রামদাসদী এলাকার জাহাঙ্গীর খানের ছেলে এবং শামীম একই এলাকার আকতার হোসেনের ছেলে। তারা দুজনই পুরান বাজার নুরিয়া পাইলট উচ্চবিদ্যালেয়র সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, মিনহাজ ও শামীম দুপুরে তার বন্ধুদের সঙ্গে বাড়ির সামনে খোলা মাঠে খেলা করছিল। এ সময় হঠাৎ প্রচ- ঝড়ো বাতাসসহ বৃষ্টি শুরু হয়। এতে ওপরে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে নিচে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে মরদেহ নেওয়াকে কেন্দ্র করে চাঁদপুর সদর হাসপাতালের স্টাফদের সঙ্গে স্বজনদের হাতাহাতির ঘটনা ঘটে। এতে হাসপাতালের ৫ স্টাফ আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আরিফুল্লাহ নামে এক যুবককে আটক করে।

অপরদিকে নেত্রকোনার কেন্দুয়ার দলপা ইউনিয়নের ধনিয়াগাঁও পাছপাড়া গ্রামে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে নিহত মাইনুদ্দিন নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের চল্লিশাকান্দা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানায়, পাছপাড়া গ্রামের জজ মিয়ার জমির ওপর বৈদ্যুতিক খুঁটিতে ৪টি ট্রান্সফরমার লাগানো ছিল। সেই ট্রান্সফরমার চুরি করতে যান মাইনুদ্দিন। রাত ২টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে গতকাল সকালে তাকে মৃত অবস্থায় জমিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির ওপর থেকে সে নিচে পড়ে যায়। মরদেহের শরীরের চামড়া অধিকাংশ ঝলসানো ছিল। ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত রশি উদ্ধার করেছে পুলিশ।মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা