উখিয়ায় মাটিচাপায় তিন রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার মুহুরীপাড়া এলাকায় পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় তিন রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় জানা গেছে।

আরেকজনের পরিচয় জানা যায়নি। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন।

নিহত দুই শ্রমিক হলেন উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে জাহিদ হোসেন (২৩) এবং একই ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের ছেলে ছৈয়দ আকবর (২১)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

গতকাল বুধবার ভোরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের  মুহুরীপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেছেন, উখিয়ার বন বিভাগকে ম্যানেজ করে পাহাড় কাটা হচ্ছে। এখানে রাত হলে অনেক রোহিঙ্গা শ্রমিক আসে। এ কারণে পাহাড় কাটা বন্ধ হচ্ছে না। এ কাজে মদদ রয়েছে হেডম্যানের। আগেও এ জায়গায় হতাহতের ঘটনা ঘটেছে।সেটি ধামাচাপা দেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, স্থানীয় নেছার আহমেদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার একপর্যায়ে ওপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙিনা অংশের পাহাড় ধসে পড়লে তিন শ্রমিক মাটিতে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ উপস্থিত হয়ে উদ্ধার করে আরও দুজনের মরদেহ।

উদ্ধার তৎপরতায় নিয়োজিত উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, দুজনের মরদেহ উদ্ধার করার পর যন্ত্রপাতি ব্যবহার করে ছৈয়দ আকবরের মরদেহ উদ্ধার করা হয় ।

ঘটনাস্থলে কান্নারত ছৈয়দ আকবরের মা রাবেয়া বসরী জানান, গতকাল কাজের সন্ধানে নিজের ছেলেকে পাঠিয়েছিলেন।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।