দ. সুদানে শান্তিরক্ষীদের স্বাধীনতা দিবস উদযাপন

দক্ষিণ সুদানে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা। ২৬ মার্চ দক্ষিণ সুদানের বাহার আল গজল প্রদেশে নিয়োজিত ব্যানব্যাট-৬ কন্টিনজেন্টের সদস্যরা ওয়াও শহরের বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসামগ্রী এবং ওষুধ হস্তান্তর করেন। সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হিসেবে দায়িত্বে থাকা ব্যানব্যাট-৬ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে বাহার আল গজল প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী, ডিজি স্বাস্থ্য মন্ত্রণালয়, ব্যানব্যাট-৬-এর কন্টিনজেন্ট কমান্ডার কর্নেল মোহাম্মদ শাফকাত-উল-ইসলাম, পাবলিক রিলেশন অফিসার লে. কর্নেল মো. রুহুল আমিন, ইন্টেলিজেন্স অফিসার লে. কর্নেল মো. মাকসুদুল আলমসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালের পরিচালকরা উপস্থিত ছিলেন।

ব্যানব্যাট-৬-এর কন্টিনজেন্ট কমান্ডার কর্নেল মোহাম্মদ শাফকাত-উল-ইসলাম বলেন, প্রতি মাসে ওয়াও শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় বাংলাদেশি কন্টিনজেন্ট থেকে ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এখানে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর অপ্রতুলতার জন্য স্থানীয় জনসাধারণ সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দক্ষিণ সুদানে অবস্থিত বাংলাদেশি শান্তিরক্ষীরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসামগ্রী প্রদান করেন। বিজ্ঞপ্তি