ডিজিটাল আইনে মামলা

মুচলেকায় হাইকোর্টে জামিন পেলেন ‘শিশু বক্তা’ মাদানী

ভবিষ্যতে ওয়াজ মাহফিলে রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো মন্তব্য এবং উসকানিমূলক বক্তব্য দেবেন না এমন মুচলেকায় জামিন পেয়েছেন ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী। ডিজিটাল নিরাপত্তা আইনের চারটি মামলায় তাকে গতকাল বুধবার শর্তসাপেক্ষে এ জামিন দেয় বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ।

জামিনের এ আদেশের ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। আদালতে মাদানীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আশরাফ আলী মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।  রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্যের অভিযোগে ২০২১ সালের ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা থেকে আটক করা হয়। পরদিন গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর বিভিন্ন সময় তার বিরুদ্ধে গাজীপুরে বাসন থানা, রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায় আরও তিনটি মামলা করা হয়।