পররাষ্ট্রমন্ত্রী ড. এম এ মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রে গণতন্ত্র নিয়ে সমস্যা। তাই তারা গণতন্ত্রকে আরও সোচ্চার করতে দেশে-বিদেশে চেষ্টা করছে। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে গণতন্ত্র-নির্বাচনের বিষয়ে উল্লেখ করেছেন। এ বিষয়ে সরকারের কোনো উদ্বেগ রয়েছে কি না এ প্রশ্নে তিনি বলেন, ভূ-রাজনৈতিক কারণে আমাদের ইমেজ বেড়েছে। সবাই এখন আমাদের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায়, ব্যবসা বাড়াতে চায়। আমরা চাই স্বচ্ছ ও সুন্দর নির্বাচন হোক। যুক্তরাষ্ট্রও চায়। তাদের দেশে গণতন্ত্র নিয়ে সমস্যা। গত নির্বাচনে তাদের দেশের অন্য দল বিশ্বাসই করেনি, আমেরিকার নির্বাচন স্বচ্ছ হয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকায় গণতন্ত্র দুর্বল। তারা দেশে-বিদেশে এ নিয়ে সোচ্চার হতে চেষ্টা করছে। আমরাও চেষ্টা করি। গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার জন্য আমরা স্বচ্ছ ইনস্টিটিউশন তৈরি করেছি। স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করেছি, ছবিযুক্ত ভোটার আইডি করেছি।