রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, অভিযোগপত্রে সাহেদ ছাড়া অন্য আসামিরা হচ্ছেন রিজেন্ট হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খলিল এবং করপোরেট হেড অফিসের সাবেক প্রিন্সিপাল অফিসার মো. সোহানুর রহমান।
অন্যদিকে এনআরবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (এসই ব্যাংকিং) ওয়াহিদ বিন আহমেদকে মামলায় আসামি করা হলেও অভিযোগপত্রে তাকে আসামি করা হয়নি। শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে।