ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন বঞ্চনার প্রতিবাদে কলকাতার রাস্তায় অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর মাধ্যমে দেড় দশক পরে ফের কলকাতার রাস্তায় অবস্থান কর্মসূচিতে অংশ নিলেন রাজনৈতিক স্ট্রিট ফাইটার মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলছেন তৃণমূল নেতারা। বলছেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি ও সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার প্রতিবাদে বুধবার দুপুর ১২টা থেকে কলকাতার রেড রোডের আম্বেদকর মূর্তির কাছে ৩০ ঘণ্টার অবস্থান ধর্মঘটে বসেছেন মমতা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এই অবস্থান ধর্মঘট শেষ হবে।
বুধবার দুপুর বারোটার দিকে কালীঘাটের বাড়ি থেকে রেড রোডে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মমতা। এরপর সেখান থেকে অস্থায়ী মঞ্চে অবস্থান কর্মসূচি শুরু করেন।
এদিকে কলকাতায় যখন মমতা অবস্থান কর্মসূচিতে অংশ নেন, ঠিক তখনই দলনেত্রীর পাশে থাকার বার্তা দিয়ে একই ইস্যুতে এদিন সকালে দিল্লিতে সংসদ ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কংগ্রেসের সাংসদরা।
এর আগে বিরোধী দলনেত্রী থাকাকালীন ২০০৬ সালে জমি আন্দোলনের জন্য সিঙ্গুরে জাতীয় সড়কের পাশে ১৪ দিন অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। ২৬ দিন অনশনও করেছিলেন সেসময়।