সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ যুব দল।
আবু ধাবির টলেরেন্স ওভালে বৃহস্পতিবার সিরিজের ফাইনালে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষকে ৩৭ ওভারে ১৪৩ রানে গুটিয়ে দিয়ে ২৩.২ ওভারেই জিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
সিরিজে বাংলাদেশের শুরুটা হয়েছিল হতাশায়। নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে যায় তারা। তবে এরপর টানা তিন জয়ে চ্যাম্পিয়ন হলো। সিরিজে অপর দল ছিল শ্রীলঙ্কা।
এদিন বাঁহাতি স্পিনে আফগানিস্তানের ব্যাটিং লাইন-আপ প্রায় একাই ধসিয়ে দেন মাহফুজুর রহমান রাব্বী। ১০ ওভার হাত ঘুরিয়ে ১ মেডেনসহ ২৯ রানে তুলে নেন ৬ উইকেট। টুর্নামেন্টে সব মিলিয়ে ১০ উইকেট নিলেন ১৭ বছর বয়সী এই বাঁহাতি। আরেক বাঁহাতি রাফিউজ্জামান নেন ৩৩ রানে ২ উইকেট।
আফগানদের ইনিংসের প্রায় অর্ধেক রান করেন ছয় নম্বরে খেলতে নামা মোহাম্মদ হারুন খান। ৬২ বলে ৭ চারে ৬৫ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন ওপেনার ওয়াফিউল্লাহ তারাখিল।
লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা তেমন ভালো হয়নি। চতুর্থ ওভারেই ওপেনার আশিকুজ্জামানকে হারায় তারা। তার আগে ডানহাতি এ উইকেটকিপার-ব্যাটসম্যান তিন চারে ১৩ বলে ১৭ রান করেন।
তিন নম্বরে নামা জিশান আলমও ছিলেন আক্রমণাত্মক। ৭ বাউন্ডারিতে করেন ১৯ বলে ৩৫ রান। তৃতীয় উইকেট জুটিতে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আরিফুল ইসলাম মিলে ৫৩ রান যোগ করলে সহজ জয়ের দিকে এগিয়ে যায় বাংলাদেশ।
এক পর্যায়ে দুজনই আউট হলেও জয় এসেছে সহজেই। রিজওয়ান সর্বোচ্চ ৪৩ রান করেছেন ৪৯ বলে। আরিফুল ২২ বলে ৩৩ রান করেন। ম্যাচসেরা হয়েছেন মাহফুজুর রহমান রাব্বী।