রাজধানীর ফকিরাপুলের একটি বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে গোলাম সরোয়ার (৬৪) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ভবনটির ম্যানেজার তার লোক দিয়ে সরোয়ারকে খুন করে লাশ ঝুলিয়ে রেখেছে।
গতকাল বৃহস্পতিবার ভোরে মতিঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের বাড়ি নড়াইল সদর উপজেলার ভুয়াখালী গ্রামে। গত ১৭ বছর ধরে ফকিরাপুলের ডিআইটি এক্সটেনশন রোডের ১১৬/১১৭ নম্বর ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। থাকতেন ভবনটির আন্ডারগ্রাউন্ডে। দুই সন্তানের জনক তিনি।
ভবনটির আরেক নিরাপত্তাকর্মী মো. আকাশ জানান, বুধবার রাতে ডিউটি ছিল সরোয়ারের। শেষরাতে তার সাহরি খাওয়ার জন্য রান্না করার কথা ছিল। রাত সাড়ে ৩টার দিকে তিনি সাহরি খেতে উঠলে দেখেন, রান্নাঘরে ফ্যানের হুকের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন সরোয়ার। তখন ভবনের লোকজনদের ডেকে আনেন তিনি। পরে মতিঝিল থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
আকাশ আরও বলেন, দুই-তিন দিন ধরে মনমরা হয়ে ছিলেন সরোয়ার। কারণ জিজ্ঞেস করলে কোনো সমস্যা নেই বলে জানান।
এদিকে মৃত সরোয়ারের ছোট ভাই মাহফুজুর রহমান হাসান অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সরোয়ার ভবনটিতে চাকরি করে আসছিলেন। সেই সুবাদে ফ্ল্যাট মালিকদের পছেন্দের লোক ছিলেন তিনি। তারা তাকে বকশিশ দিতেন। এসব সহ্য করতে পারেননি ভবনটির ম্যানেজার। সে জন্য ম্যানেজার ছুটিতে বাড়িতে গিয়ে তার লোক দিয়ে সরোয়ারকে খুন করেছে। আর লাশ ঝুলিয়ে রেখেছে।
মতিঝিল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে জানা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। সরোয়ারের পরিবার কোনো ধরনের অভিযোগ করলে তদন্ত করে দেখা হবে।