যুদ্ধের মধ্যেই নিরাপত্তা পরিষদের সভাপতি রাশিয়া

চলমান ইউক্রেন যুদ্ধ এবং ইউক্রেনের তীব্র আপত্তির পরও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির পদে বসল রাশিয়া। এ পদে রাশিয়াকে রুখতে বারবার সদস্য দেশগুলোকে জানানো ইউক্রেনের আহ্বান কাজে এলো না। নিরাপত্তা পরিষদের সভাপতির পদটি প্রতীকী হলেও বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার এ পদে বসাটা অন্যরকম গুরুত্ববহ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এবার নিরাপত্তা পরিষদের সভাপতি এমন একটি দেশ হলো যে দেশটির প্রেসিডেন্টের বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। যদিও এই আদালত জাতিসংঘের সঙ্গে সম্পৃক্ত নয়। আর জাতিসংঘের সাধারণ নিয়ম মেনেই নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের প্রত্যেকেই এক মাসের জন্য পর্যায়ক্রমে সভাপতির দায়িত্ব গ্রহণ করে। ইউক্রেনের অভিযোগ সত্ত্বেও যুক্তরাষ্ট্র রাশিয়ার সভাপতির দায়িত্ব নেওয়ার প্রক্রিয়ায় বাধা দেয়নি। রাশিয়া নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্র। পরিষদের অন্য স্থায়ী সদস্যরাষ্ট্রগুলো হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও চীন। পাঁচটি রাষ্ট্র স্থায়ীভাবে নিরাপত্তা পরিষদে প্রতিনিধিত্ব করে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বৈশ্বিক ক্ষমতা কাঠামোর প্রতিফলন, যা নিরাপত্তা পরিষদ গঠন করার সময় প্রভাব ফেলেছিল।