মানিকগঞ্জে গৃহবধূকে এসিড নিক্ষেপ

মানিকগঞ্জের শিবালয় উপজেলা মহাদেবপুর ইউনিয়নের বকচর গ্রামের এক গৃহবধূকে এসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে সিদ্দিক মিয়া (৩৪) নামে এক প্রতিবেশী বাড়িতে ঢুকে এ ঘটনা ঘটায়। ওই গৃহবধূ দুই সন্তানের জননী। তার স্বামী মালয়েশিয়া প্রবাসী।  এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় ওই গ্রামের সিদ্দিক মিয়াকে আসামি করা হয়েছে। 

পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী ছয় বছর ধরে মালয়েশিয়ায় থাকেন। এরমধ্যে প্রতিবেশী সিদ্দিক মিয়া গৃহবধূকে যৌন হয়রানিসহ আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রতিবেশী ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে বুধবার রাতে বাড়িতে ঢুকে এসিড নিক্ষেপ করে। এরপর তাকে প্রথমে উপজেলা স্বfস্থ্য কমপ্লেক্সে উথলী নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

শিবালয় থানার ওসি মো. শাহ নুর এ আলম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।