পবিত্র আল আকসা মসজিদের প্রবেশপথে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যার ঘটনার কয়েক ঘণ্টা না পেরোতেই আবারও সহিংসতা দেখা গেল অধিকৃত পশ্চিম তীরে। শনিবার (০১ এপ্রিল) ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হলেন মোহাম্মদ রা’দ বারাদিয়াহ নামের ২৪ বছর বয়সী এক যুবক।
প্রত্যক্ষদর্শীরা ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সিকে বলেছেন, বারাদিয়াহকে বেইত উমমার শহরের কাছে তার গাড়িতে গুলি করা হয়। আহতাবস্থায় যখন তার চিকিৎসা সেবা প্রয়োজন হয়, তখন চিকিৎসকদের প্রবেশাধিকারে বাধা দেওয়া হয়েছিল। ওয়াফা জানিয়েছে, মারা যাওয়ার আগ পর্যন্ত বরাদিয়াহর ক্ষত থেকে অসহায়ভাবে রক্ত ঝরছিল।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, বারাদিয়াহ তার গাড়ি দিয়ে ইসরায়েলি সেনাদের ধাক্কা দিয়েছিলেন। এরপরই তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ইসরায়েলি চিকিৎসকরা জানিয়েছেন, এ ঘটনায় তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। খবর আল জাজিরার।
এর আগে শনিবার আল-আকসা মসজিদের প্রবেশপথে মোহাম্মদ খালেদ আল-ওসাইবি (২৬) নামের এক যুবককে গুলি করে হত্যা করে ইসরায়েলি পুলিশ। তিনি মসজিদে যাওয়ার পথে একজন নারীকে পুলিশের হয়রানি থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন। এরপর পুলিশ তাকে কমপক্ষে ১০ রাউন্ড গুলি করে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, চলতি বছরের শুরু থেকে কমপক্ষে ৯২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।