গ্রাহাম পটারকে নিয়োগের ৭ মাসও হয়নি। এর মধ্যেই তাকে ছাঁটাই করল চেলসি।
পটারকে বরখাস্ত করার কথা নিশ্চিত করে ইংলিশ ক্লাবটি বলেছে, ‘গ্রাহাম পটার ক্লাব ছেড়েছেন। গ্রাহাম চেলসিকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছেন। গ্রাহামের অবদানের জন্য চেলসি তাকে ধন্যবাদ জানাচ্ছে। তার ভবিষ্যতের জন্য শুভকামনা।’
গত সেপ্টেম্বরে টমাস টুখেলের স্থলাভিষিক্ত হন ৪৭ বছর বয়সী পটার। তার আগে সফলতার সঙ্গে বাইটনের ডাগআউট সামলান পটার। চুক্তি ছিল ৫ বছরের। বেশ মোটা অঙ্কের অর্থও খরচ করতে হয়েছিল তাকে পেতে। এরপর দলবদলেও কাড়ি কাড়ি অর্থ ব্যয় করে অতীতের সব রেকর্ড ভেঙেছে চেলসি।
কিন্তু কিছুতেই কিছু এসে যায়নি। লিগ পারফরম্যান্সে কোনো উন্নতি নেই। শনিবার হেরে বসেছে অ্যাস্টন ভিলার কাছে। আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় থাকতে পারবে কিনা সেই শঙ্কাও রয়েছে। তাই পটারের সঙ্গে সম্পর্কই ছিন্ন করে দিল চেলসি।
পটারের কোচিংয়ে ব্লুজরা খেলেছে ৩১ ম্যাচ। জিতেছে ১২ ম্যাচ, ড্র ৮ ম্যাচ এবং ১১ ম্যাচ হেরেছে।