চোটে ছিটকে গেলেন তাসকিন

সাইড স্ট্রেইনের চোটে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। টি-টোয়েন্টি সিরিজের সময় এই চোট পান তিনি। চোট থেকে সেরে না ওঠায় টেস্ট দলের অনুশীলনেও দেখা যায়নি তাকে।

আইরিশদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিং করেছিলেন তাসকিন। বাংলাদেশের পেস বোলিং আক্রমণের নেতৃত্বে ছিলেন তিনি।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট মাঠে গড়াবে মঙ্গলবার থেকে। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে টাইগাররা।

৩ ম্যাচে ৮ উইকেটে নিয়ে টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তাসকিন। ওয়ানডেতে দুই ইনিংসে নেন ৫ উইকেট। একটি ম্যাচ বাংলাদেশের ব্যাটিংয়ের পর বৃষ্টিতে ভেসে গিয়েছিল।