আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ছয় সদস্যকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে চোরাই তিনটি মোটরসাইকেল। গত সোমবার সকালে যশোর কোতোয়ালি থানার চাঁদপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলো আল-আমিন (৩৪), চাঁদপুর গ্রামের জুয়েল রানা (৩৩), আবু হানিফ হাওলাদার (৫৫), সেলিম মোল্যা (২৫), কামরুজ্জামান আরমান (২৫), জুনায়েদ হোসেন (২৩)।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন জানান, গত ২৬ মার্চ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোড থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এরপর ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্ত ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে যশোরে অভিযান চালিয়ে প্রথমে আল-আমিনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পর্যায়ক্রমে আরও পাঁচজনকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।