ঈদে মহাসড়কে ৯ দিন বাইক নিষিদ্ধের দাবি

দুর্ঘটনা রোধে আসন্ন ঈদুল ফিতরের আগে ও পরে অন্তত নয় দিন মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। একইসঙ্গে ঈদ ভ্রমণের সময় থ্রি-হুইলার চলাচল বন্ধ করতে এবং সমস্ত আন্তঃজেলা সড়কে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

গতকাল সোমবার জাতীয় কমিটির সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশিস কুমার দে এক বিবৃতিতে এ আহ্বান জানান। এসব দাবি বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জোরদার করার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষের (বিআরটিএ) প্রতিও আহ্বান জানান তারা।

বিবৃতিতে বলা হয়, সারা দেশে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। মোটরসাইকেল দুর্ঘটনা গত বছরের সমস্ত সড়ক দুর্ঘটনার ৪০ শতাংশেরও বেশি। দুই চাকার গাড়িতে দূরপাল্লার যাতায়াতের কারণে ঈদ মৌসুমে আরও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ ছাড়া সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ব্যাটারিচালিত রিকশাসহ বিভিন্ন ধরনের থ্রি-হুইলার এবং নসিমন, করিমন, ভটভটি ও আলম সাধুর মতো স্থানীয়ভাবে তৈরি অসংখ্য যানবাহন সারা দেশের মহাসড়ক ও আন্তঃজেলা সড়কে চলাচল করায় দুর্ঘটনার মাত্রা আরও বাড়ছে। বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, প্রতি ঈদে বিভিন্ন পরিবহন কোম্পানি যাত্রীদের থেকে দেড় থেকে দুই গুণ ভাড়া নেয়। এতে বাস মালিক-শ্রমিকরা বাড়তি টাকা আয় করলেও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।