‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান অন্তর্ভুক্তি নিয়ে রুল

‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে জারি করা গেজেট সংশোধন করে সেখানে ‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্তির নির্দেশ কেন দেওয়া হবে না এ মর্মে রুল দিয়েছে উচ্চ আদালত। এ সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়।

রুলে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

গত বছরের ১১ ডিসেম্বর ‘জয় বাংলার সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’কে জাতীয় স্লোগানের অন্তর্ভুক্তির নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের ১২ জন আইনজীবীর পক্ষে এ আবেদনটি করেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল। এর আগে গত বছরের জুনে সংশ্লিষ্ট বিবাদীদের আইনি নোটিস পাঠান তিনি।