কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে গোলাবারুদ ও শটগানসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ১৮ নম্বর ক্যাম্প থেকে শাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি দেশে তৈরি শটগান, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড রাইফেলের গুলি, ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হাফিজ উল্লাহ প্রকাশ হাফিজুর রহমান (২০), নুর ইসলাম (৩৫) ও মোহাম্মদ জাবের (৩১)। আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে ৮ এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার (অপারেশনস্ অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত একজন হত্যা মামলার এজাহার নামীয় আসামি। দীর্ঘদিন ধরে পলাতক ছিল। ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী মুঠোফোন রিসিভ না করার কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।