৭ বছর পর একসঙ্গে অপূর্ব-তারিন

অনুভবে অনুতাপ, মন জানালা, কোল, অন্ধকারের কাব্য, এসো হাত ধরো, নির্ঝরিণী, অবশেষে তুমিসহ অসংখ্য নাটকে দেখা গিয়েছিল এক সময়ের নন্দিত জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও তারিন জাহানকে। এরপর অনেকটা বছর পেরিয়ে গেলেও তাদেরকে আর পর্দায় দেখা যায়নি। দীর্ঘ অনেক বছর পর এবার পর্দায় ফিরছে সেই জুটি।

আসছে ঈদের জন্য নির্মিত হচ্ছে বিশেষ নাটক ‘প্রিয় পরিবার’। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করছেন রুবেল হাসান। এ নাটকের মধ্য দিয়েই প্রায় ৭ বছর পর একসাথে ক্যামেরার সামনে দাঁড়ালেন অপূর্ব ও তারিন। এই জুটি সর্বশেষ অভিনয় করেছিলেন ২০১৬ সালে ‘সানফ্লাওয়ার’ নাটকে।

দীর্ঘদিন পর একসঙ্গে ফেরা প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘আমার হাতেখড়ি যে কয়েকজনের মাধ্যমে তার মধ্যে অন্যতম একজন তারিন আপু। উনি অসাধারণ একজন অভিনেত্রী। উনার কাছ থেকে অনেক কিছু শেখা হয়েছে, আমি এখনো শিখি। এখনো সেটে কোনো শট দিয়ে জিজ্ঞেস করি, শটটা ঠিক হয়েছে কি না! আগেও কাজের অভিজ্ঞতা ভালো ছিল, এত বছর পর উনার মত সহশিল্পীর সাথে কাজ করছি এটা আমার সৌভাগ্য। উনার সাথে কাজের অভিজ্ঞতা সবসময়ই অসাধারণ।’

নাটকটি প্রসঙ্গে তার ভাষ্য, একটা পরিবারের গল্প। পরিবারের যে মাথা বা ছাতা থাকে, যে ছাতার নিছে সবাই থাকে সেই ছাতাটার গল্প, পরিবারের কর্তার গল্প। যিনি একটা পরিবারকে আগলে রাখেন এবং সর্বস্ব দিয়ে চেষ্টা করেন সবাইকে সুখে রাখতে সেই বাবার চরিত্রে অভিনয় করছি। টেনশন লাগছে আবার নার্ভাসও লাগছে।

‘পরিচালক রুবেলের আবদার ছিল যেন এই চরিত্রটা করি। সে আমাকে নিয়ে একটা এক্সপেরিমেন্টাল করতে চাচ্ছিল তাই আমিও ভাবলাম ঠিক আছে, আমি এটার অংশ হবো। এই জায়গা থেকেই চরিত্রটা করা।’- যোগ করেন অপূর্ব।

রুবেল হাসান বলেন, ‘প্রিয় পরিবার’ একটি ফ্যামিলি ড্রামা। এই নাটকের মধ্য দিয়ে অনেক বছর পর একসাথে কাজ করছেন অপূর্ব ভাইয়া ও তারিন আপু। নাটকটিতে তাদের দুজনকে দেখা যাবে বাবা-মায়ের চরিত্রে। এখানে অপূর্ব ভাইয়ার চরিত্রের জন্য প্রস্থেটিক লুক নেওয়া কারণ, চরিত্রটা একজন বয়স্ক বাবার আর এমন চরিত্রে উনি এর আগে অভিনয় করেননি।’

পারিবারিক গল্পের এই নাটকে অপূর্ব ও তারিনের সন্তানের চরিত্রে অভিনয় করছেন সৈয়দ জামান শাওন, সাদ নাওভি, মাখনুন সুলতানা মাহিমা। আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।