টিটি দলকে সেনাবাহিনী প্রধানের সংবর্ধনা

দক্ষিণ এশীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী টেবিল টেনিস দলকে সংবর্ধনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল ঢাকা সেনা সদর দপ্তরে এই সংবর্ধনার আয়োজন করা হয়। টিটির খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে ভবিষ্যতে সেনাবাহিনী টিটি দল গড়ার ঘোষণা দেন সেনাপ্রধান। ১৪ জনের একটি পূর্ণাঙ্গ টেবিল টেনিস দল গড়া হবে বলে জানান তিনি। এদের মধ্যে পাঁচজন করে পুরুষ ও মেয়ে এবং দুজন করে বালক ও বালিকা। এই ১৪ জনকে সেনাবাহিনীর বেতনের আওতায় চাকরি দেওয়ারও ঘোষণা দেন সেনাপ্রধান। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি মেজবাহ উদ্দিন, ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য খোন্দকার হাসান মুনীর, ফেডারেশন সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডাইরেক্টর মিলিটারি ট্রেনিং ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ উপস্থিত ছিলেন। গত বছর সাউথ এশিয়ান জুনিয়রে স্বর্ণপদকজয়ী চার খেলোয়াড় হলেন মুহতাসিন আহমেদ হৃদয়, রাম হিম লিয়ন বম, নাফিস ইকবাল ও আবুল হাসেম হাসিব।