রূপগঞ্জে সাংবাদিককে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহেল কিরণ (৩৩) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে কাঞ্চন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদ প্রকাশের জেরে স্থানীয় ‘কলি বাহিনীর’ সন্ত্রাসীরা এ সাংবাদিকের ওপর হামলা চালায় বলে জানিয়েছেন তার স্বজনরা।

সোহেল কিরণকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভুলতা আল রাফি হাসপাতালে ভর্তি করা হয়। সোহেল কিরণ উপজেলার কাঞ্চন এলাকার আবদুল হান্নানের ছেলে। তিনি বাংলা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ভাই শাহেল মাহমুদ জানান, তারাবি নামাজের পর রাত পৌনে ১০টার দিকে সোহেল কিরণ তার বন্ধু সাইফুল ইসলামকে নিয়ে কাঞ্চন বাজারে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় ‘কলি বাহিনীর’ আফজালসহ কয়েকজন মিলে সোহেল ও তার বন্ধু সাইফুলের ওপর হামলা চালায়। সোহেলকে আফজালসহ হামলাকারীরা চড়-থাপ্পড় মারতে থাকে। পরে আফজাল ধারালো অস্ত্র দিয়ে সোহেলের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

শাহেল মাহমুদ বলেন, ‘আফজালসহ কলি বাহিনী সন্ত্রাসীরা এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, জমি দখল থেকে শুরু করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে বাংলা টিভিতে একাধিকবার সংবাদ প্রচার করা হয়। ওই সংবাদকে কেন্দ্র করেই সোহেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়।’

রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি লায়ন মীর আবদুল আলিম বলেন, ‘সাংবাদিকের ওপর হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত বিচার না হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে ঢাকা সিলেট ও এশিয়ান বাইপাস মহাসড়ক অবরোধসহ বৃহৎ আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।’

ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, ‘কলি বাহিনীর সন্ত্রাসী আফজালসহ হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে। যেকোনো মূল্যে তাদের গ্রেপ্তার করা হবে।’