বঙ্গবাজারে আগুন

ব্যবসায়ীদের ক্ষতিপূরণের আহ্বান জাপার

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। গতকাল পৃথক বিবৃতি ও বক্তব্যে জাপার প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এ আহ্বান জানান। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসানের পাঠানো এক বিবৃতিতে রওশন এরশাদ প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনারই সুষ্ঠু তদন্ত ও যথাযথ প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দুর্ঘটনার জন্য দায়ী কিংবা কর্তব্যে অবহেলার প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন ক্ষেত্রে অসতর্কতা, অসাবধানতা, অব্যবস্থাপনা, অসচেতনতা ও দায়িত্বে অবহেলার চিত্র সামনে এনেছে বলেও মত দেন রওশন।