আইপিএলে দিল্লি ক্যাপিটালসের শুরুটা হয়েছিল হার দিয়ে। অ্যাওয়ে ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরেছিল দলটি। এবার নিজেদের মাঠে হারল গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের কাছে।
অরুণ জেটলি স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচটি ৬ উইকেটে জিতে নেয় গুজরাট। ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল।
প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও দর্শক হয়ে ছিলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। তাকে খেলায়নি দিল্লি।
মূলত ব্যাটিং ব্যর্থতাই দিল্লির হারের কারণ। পুঁজিটা কম হয়ে গিয়েছিল তাদের। বোলিংয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল, কিন্তু লাভ হয়নি।
সাই সুদর্শনের অর্ধশতরান, ইমপ্যাক্ট প্লেয়ার বিজয় শঙ্করের কার্যকর ইনিংস ও ডেভিড মিলারের ঝোড়ো ব্যাটিং মিলিয়ে জয় তুলে নেয় শিরোপাধারীরা।
সাই সুদর্শন ৪৮ বলে ৬২ রানে অপরাজিত ইনিংসে ম্যাচসেরা হন। মিলার ১৬ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন। বিজয়ের ব্যাট থেকে আসে ২৩ বলে ২৯ রান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দিল্লির কেউ বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৩২ বলে ৩৭ রান করেন অধিনায়ক ওয়ার্নার। শরফরাজ খান ৩৪ বলে ৩০, অক্ষর প্যাটেল ২২ বলে ৩৬ রান করেন। তাতেই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬২ রান করে দিল্লি।
ওয়ার্নারদের কেউ বড় ইনিংস খেলতে পারলে সংগ্রহটা বড় হতো আরও। যা তাদের ম্যাচে পিছিয়ে দিয়েছে।
গুজরাটের পক্ষে মোহাম্মদ শামি ও রশিদ খান ৩টি করে উইকেট নেন। ২ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ।