এবার আমাদের জয়ের পালা: আনচেলত্তি

মৌসুমের পঞ্চম এল ক্লাসিকোতে রাতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। আজ (বুধবার) রাতে ন্যু ক্যাম্পে কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলবে দুই স্প্যানিশ জায়ান্ট। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে রিয়ালের আত্মঘাতী গোলে এগিয়ে আছে বার্সেলোনা। পিছিয়ে থাকলেও এবার জয়ের আশা করছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘মূল কাজ হলো মাথা গরম না করে গোল করা। আমাদের পাগলামি করলে চলবে না। কারণ ম্যাচের পঞ্চম মিনিটে গোল করেও দুই গোল হজম করতে পারি।’

শেষ তিন এল ক্লাসিকো জিতেছে বার্সেলোনা। তবে এবার আশাবাদী আনচেলত্তি, ‘বার্সেলোনা আমাদের শেষ তিন ম্যাচে হারিয়েছে। আমি মনে করি এবার আমাদের জয়ের পালা। ন্যু ক্যাম্পে শেষ ম্যাচটি আমরা জয়ের কাছাকাছি ছিলাম।’

মৌসুমে হওয়া আগের চার এল ক্লাসিকোর তিনটিতে হেরেছে রিয়াল মাদ্রিদ। সবশেষ বার্সার বিপক্ষে রিয়াল জিতেছিল গেল অক্টোবরে লা লিগার ম্যাচে। সেবার বার্নাব্যুতে ৩-১ এ জিতেছিল আনচেলত্তির শিষ্যরা।

তিনটি ম্যাচ জেতার প্রভাব যে এ ম্যাচে পড়বে না তা ভালো করেই জানা বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজের। তিনি বলেন, ‘শেষ তিন ক্লাসিকো আমরা জিতেছি এতে কিছুই যায় আসে না। কাল (আজ) আরেকটি ফুটবল যুদ্ধ হবে। তারা প্রতিশোধ নিতে মাঠে নামবে।’