গ্রীষ্মেই পিএসজি ছাড়ছেন মেসি!

নতুন চুক্তিতে সাক্ষর করার চেয়ে গ্রীষ্মের দল-বদলেই লিওনেল মেসির পিএসজি ছাড়ার সম্ভাবনাই বেশি। পিএসজি ক্লাবের এক সূত্রের বরাত দিয়ে এমনটি বলছি বার্তা সংস্থা এএফপি।

মেসির গ্রীষ্মে পিএসজি ছাড়ার কথা জানিয়েছে ফরাসি সংবাদ মাধ্যম লে’কিপও।

পিএসজির সঙ্গে বিশ্বকাপজয়ী মেসির দুই বছরের চুক্তি শেষ হবে জুন মাসে। শর্ত অনুযায়ী আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ আছে। কাতার বিশ্বকাপের পর দুই পক্ষের সেই পথেই হাঁটার খবর শোনা গিয়েছিল।

তবে সম্প্রতি পাল্টে গেছে সবকিছু। সূত্র এএফপিকে জানায়, ‘এখনও কোন চুক্তি হয়নি, তার যাওয়ার বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে গ্রীষ্মে তার চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।’

গেল রবিবার রাতে লিগ ওয়ানে ঘরের মাঠে লিওঁর মুখোমুখি হয়েছিল পিএসজি। ম্যাচ শুরুর আগে ফুটবলারদের নাম ঘোষণা করা হচ্ছিল, মেসির নাম আসতেই অনেক পিএসজি সমর্থক মেসিকে দুয়ো দেন। পরে লিওঁর কাছে হারের পরও দেন দুয়ো।

বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, মেসিকে বছরে ৪০০ মিলিয়ন ইউরো পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। মেসিকে আল হিলাল প্রস্তাব দিলেও অন্তত ২০২৪ পর্যন্ত ইউরোপের কোন ক্লাবে খেলতে চান আর্জেন্টাইন অধিনায়ক।

মেসিকে ফিরে পেতে চাইছে বার্সেলোনাও। এ খবর যে সত্যি তা কয়েক দিন আগে স্বীকার করে নিয়েছেন বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট রাফা ইয়োস্তে।