নিখোঁজের ৩ দিন পর ওয়ার্কার্স পার্টির নেতার লাশ উদ্ধার

বরিশালের উজিরপুরে হেমন্ত কুমার হালদার (৬৫) নামে এক ওয়ার্কার্স পার্টির নেতার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বরাকোঠা গ্রামে একটি ধানক্ষেত থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এর আগে গত তিনদিন ধরে হেমন্ত কুমার হালদার নিখোঁজ ছিলেন। তিনি ওই গ্রামের মৃত রাজেন্দ্র নাথ হালদারের ছেলে এবং ওয়ার্কার্স পার্টির বরাকোঠা ইউনিয়ন কমিটির সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, হেমন্ত কুমার হালদার গত সোমবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। গতকাল সকাল ১১টার দিকে একই গ্রামের সুভাষ হালদার তার নিজ জমিতে কাজ করতে গেলে হেমন্তর মরদেহটি দেখে পুলিশে খবর দেয়।

উজিরপুর মডেল থানার এস আই রাকিবুল হাসান বলেন, বিয়ে না করা হেমন্ত মাঝেমধ্যে পরিবারের কাউকে না বলে দুই থেকে একদিন নিখোঁজ থাকার পর বাড়ি ফিরতেন। লাশে আঘাতের চিহ্ন রয়েছে, গলা কাটা হয়েছে।

উজিরপুর মডেল থানার ওসি কামরুল হাসান বলেন, ‘ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশটি ধানক্ষেতে লুকিয়ে রাখা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।