সাবেক ছাত্রলীগ নেতাকে ছুরি মেরে হত্যা

লালমনিরহাটের কালীগঞ্জে বাড়ির পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবু মুছা ছোটন (৩২)। গত মঙ্গলবার ইফতারের পরপরই এ ঘটনা ঘটে। ছোটনকে হত্যায় জড়িত অভিযোগে এলাকাবাসী ঘটনাস্থল থেকে আকিদ নামে এক যুবককে আটক করে কালীগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয়।

নিহত আবু মুছা শ্রুতিধর হাজির স্কুল এলাকার প্রয়াত আবুল কাশেমের ছেলে।

এলাকার একাধিক বাসিন্দা জানায়, শ্রুতিধর (হাজির স্কুল) এলাকার নিজ বাড়িতে ইফতার শেষে পাশের একটি দোকানে যাচ্ছিলেন ছোটন। পথে কথা বলার জন্য তাকে পাশের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডেকে নিয়ে যায় প্রতিবেশী আনোয়ার হোসেনের ছেলে আকিদ। এরপর সেখানে ছোটনকে ছুরিকাঘাত করে আকিদ। ছোটনের চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে এসে আকিদকে আটক করে। একইসঙ্গে গুরুতর আহত অবস্থায় ছোটনকে উদ্ধার করে প্রথমে নেওয়া হয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে। পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল দেশ রূপান্তরকে বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের ধারণা পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোটনকে খুন করা হতে পারে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা বা বলা সম্ভব হবে।’