পদ্মা সেতু নির্মাণে অর্থ বিভাগ থেকে নেওয়া ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করেছে সেতু বিভাগ। গতকাল বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার টাকার চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তব্য দেন ও মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ যেকোনো বাধা অতিক্রম করে এগিয়ে যাবে। আমি বিশ্বাস করি, জনগণ পাশে থাকলে যেকোনো প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা এগিয়ে যেতে পারব। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ এর সেরা উদাহরণ।’ তিনি বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাধা অতিক্রম করে পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন করা গেছে। বাংলাদেশ যে পারে পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে বিশ্ববাসীকে দেখাতে সক্ষম হয়েছি।’
পদ্মা সেতুর অর্থায়ন থেকে বিশ্বব্যাংক সরে যাওয়ার প্রসঙ্গ তুলে সরকার প্রধান বলেন, ‘এর মাঝে একটি দেশের সমর্থন আমি সম্পূর্ণভাবে পেয়েছিলাম। সেই দেশ হলো মালয়েশিয়া। এ রকমভাবে আমি তখন অনেক দেশের সঙ্গে কথা বলেছি।'