ঈদে গাজীপুর থেকে বিশেষ ট্রেন উত্তরাঞ্চলে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত বিশেষ ট্রেন সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ১৮ থেকে ২০ এপ্রিল উত্তরাঞ্চলে যাতায়াতের দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে। এর মধ্যে একটি স্পেশাল ট্রেন চলবে জয়দেবপুর স্টেশন থেকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন পর্যন্ত। এ ট্রেনের টিকিট কাটতে হবে অনলাইনের মাধ্যমে। তবে যাত্রার দিন শতকরা ২৫ ভাগ আসনবিহীন টিকিট বিক্রি করা হবে স্টেশন থেকে।

গতকাল বুধবার দুপুরে জয়দেবপুর স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান। তিনি জানান, ঈদে ঘরমুখো যাত্রীদের কথা চিন্তা করে বিশেষ করে শিল্পসমৃদ্ধ গাজীপুরে দেশের উত্তরাঞ্চলের হাজার হাজার মানুষ এখানে চাকরির সুবাদে বসবাস করে। ঈদে তাদের যাতায়াতের কথা চিন্তা করে রেলওয়ে জয়দেবপুর থেকে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। এ ছাড়া ঢাকা কমলাপুর স্টেশন থেকেও চিলাহাটি ঈদ স্পেশাল নামে আরেকটি বিশেষ ট্রেন ঢাকা থেকে পার্বতীপুর হয়ে চিলাহাটি পর্যন্ত চলাচল করবে। ঢাকা থেকে রাত ১১টা ৫৫ মিনিট ছেড়ে গিয়ে চিলাহাটি পৌঁছাবে সকাল পৌনে ১০টায়। ফিরতি ট্রেনটি চিলাহাটি থেকে ছেড়ে যাবে সকাল ৯টা ৪৫ মিনিটে। আর ঢাকা পৌঁছাবে রাত ১০টা ৫৫ মিনিটে। মতবিনিময়কালে তার সঙ্গে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মো. কবীর উদ্দীন, বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তাবাহিনীর কমান্ড্যান্ট মো. শহীদ উল্লাহ, বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা মো. আমিনুল হক এবং ট্রাফিক ইন্সপেক্টর মো. শাহজাহান পাটওয়ারী, জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।

মোহাম্মদ সফিকুর রহমান জানান, ঈদযাত্রার জন্য গতকাল পর্যন্ত ১৫ লাখ যাত্রী ট্রেনের টিকিটের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করেছে। এনআইডি ছাড়া কোনো যাত্রী টিকিট কাটতে পারবে না। রেলের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। ঢাকার কমলাপুর থেকে প্রতিদিন নিয়মিত ট্রেনসমূহের প্রায় ২৬ হাজার যাত্রী পরিবহন করা হবে।